|
প্রায় দেড়যুগ ধরে গল্প লিখছেন আহমাদ
মোস্তফা কামাল, নানা ধরনের গল্প,
কিন্তু এই প্রথম শুধুমাত্র তাঁর
প্রেমের গল্পগুলো সংকলিত হলো এই
গ্রন্থে। 'আমাদের সময়টি সম্পর্কহীনতার
সময়। কোথাও সম্পর্কিত হই না আমরা,
আমাদের বন্ধুত্বের মধ্যে থাকে
অবিশ্বাস, প্রেমগুলো গড়ে ওঠে না,
উঠলেও তুচ্ছ কারণে ভেঙে যায়। কিভাবে
প্রেম হবে আমাদের? প্রেম তো মানুষের
শ্রেষ্ঠতম মুহূর্তের নাম, আমাদের
জীবনে শ্রেষ্ঠ মুহূর্ত কোথায়?' তিনি
নিজেই বলেছিলেন একথা। তবে কি প্রেমের
গল্প আর লেখা হবে না, লিখবেন না
এসময়ের লেখকরা? হবে, কিন্তু তরল হবে
না সেই গল্পগুলো। এই সময়ের সংবেদী
রূপকার, শক্তিমান কথাশিল্পী আহমাদ
মোস্তফা কামাল সেটিই করে দেখালেন।
তাঁর অনুপম-সজীব-নির্বিকল্প গদ্যে
লিখলেন আমাদের সময়ের এক গভীর গভীরতর
অসুখের কথা-
সম্পর্কহীনতার কথা, প্রেমহীনতার কথা,
নিঃসঙ্গতার কথা, যোগাযোগহীনতার কথা,
বিচ্ছিন্নতার কথা, অনতিক্রম্য বৃত্তে
ঘুরপাক খাবার অকথ্য যন্ত্রণার কথা। এই
গল্পগুলো পড়তে পড়তে আমাদের মন
বেদনাভারাক্রান্ত হয়ে উঠবে, যখন আমরা
দেখবো সম্ভাব্য সম্পর্কগুলোও গড়ে উঠছে
না; দুজন মানুষ প্রেমময় একটি সম্পর্কে
জড়িয়ে পড়তে চাইলে তাদেরকে এক সুরে এক
ছন্দে বেজে উঠতে হয়, তা তো উঠছেই না,
এমনকি কেউ একজন অন্য আরেকজনকে নিজের
সুরে ও ছন্দে বাজাতেও পারছে না। কোনো
প্রেমই দাঁড়াচ্ছে না কোথাও, প্রেম যেন
স্বল্পস্থায়ী এক খেলা, অবলীলায়
মুহূর্তের ঝড়ে তা ভেঙে পড়ছে, ভেঙে
যাচ্ছে, ভেঙে পড়েই থাকছে, জোড়া লাগছে
না আর, সবার সামনে জোড়া লাগানোর অভিনয়
চলছে শুধু। কিন্তু প্রেমে পড়ার বা
বেজে ওঠার আকাঙ্ক্ষাটি তো আর হারিয়ে
যায়নি, এই গল্পগুলোতে ধরা পড়লো সেই
আকাঙ্ক্ষার কথাও। জাদুবিস্তারি
বর্ণনায় তিনি সাজালেন মানুষের নিভৃত ও
কোলাহলময় মুহূর্তগুলো আর প্রেমের
গল্পগুলোকে নিয়ে গেলেন এক দার্শনিক
উচ্চতায়।
|